গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের আমার বাংলা বিদ্যাপীঠ নামে একটি মাধ্যমিক বিদ্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আমিরুল ইসলাম জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ধানঘড়া এলাকায় এ বিদ্যালয়ে আগুন লাগে।
তিনি আরো জানান, রাতে জেলার ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এ সময় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। কিন্তু ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর হঠাৎ বিদ্যুৎ সচল হয়। এ সময় বিদ্যুতের ভোল্ট বেশি থাকায় বিদ্যালয়টির দক্ষিণ পাশের ১ নম্বর ক্যাম্পাসে কম্পিউটার লাইনের সুইচ চালু থাকায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বিদ্যালয়ের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই বিদ্যালয়টির শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার ও চেয়ার-টেবিলসহ সব মিলিয়ে ৭ লক্ষাধিকার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

