যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবরের ভিত্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে। অনুপ্রবেশের অভিযোগে মামলা করে আটককৃতদের পুলিশে সোর্পদ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

