নোয়াখালী প্রতিনিধি : জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুরে নোয়াখালী-ফেনী মহাসড়কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের এক শিশু নিহত হয়েছে। এ সময় অন্তত পাঁচ জন আহত হয়েছে। নিহত শিশুর বয়স চার মাস। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রোববার বিকেলে নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার মুক্তা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী থেকে ফেনীতে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। ট্রাকটি মুক্তা ইটভাটার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার মাসের এক শিশু নিহত ও পিকআপভ্যান চালকসহ পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

