বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক শিশুকে স্টিমারে তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তিনদিন পর থানায় মামলা হয়েছে। গত শুক্রবার মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী স্টিমার ‘বাঙ্গালী’র একটি কেবিনে এ ধর্ষণ ঘটনা ঘটে।
মামলার বরাত দিয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে বাবু মোল্লা (২২) শুক্রবার তার প্রতিবেশী এক শিশুকে ঢাকায় বোনের বাসায় গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে স্টিমারে তুলে।
স্টিমারে ওঠার কিছুক্ষণ পরেই কেবিনে মেয়েটিকে ঝালমুড়ি ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি গুরুতর আহত হয়। এর দুদিন পর বাবু মেয়েটিকে মোরেলগঞ্জে তার বাবার বাসার সামনে রেখে পালিয়ে যায়।
এই ঘটনার পর শিশুটির বড় ভাই বাদী হয়ে সোমবার রাতে বাবু মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ধর্ষিতাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

