লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীতে চার ধরনের ব্যক্তিত্বের মানুষ রয়েছে বলে, সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে। নতুন এই গবেষণার তথ্যানুযায়ী, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের ব্যক্তিত্ব চার ভাগে বিভক্ত করা যেতে পারে এবং যে কোনো একটি দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে।
ব্যক্তিত্ব ভেদে মানুষের এই চার ক্যাটাগরি হচ্ছে- আশাবাদী, হতাশাপূর্ণ, বিশ্বাসী এবং ঈর্ষান্বিত। আর বৈজ্ঞানিক এই গবেষণার তথ্যানুযায়ী, বেশিরভাগ মানুষ শেষের ক্যাটাগরির অধিকারী।
স্পেনের চার্লস থ্রি ইউনিভার্সিটি অব মাদ্রিদ- এর বিজ্ঞানীরা ৫৪১জন মানুষের ওপর এ গবেষণাটি পরিচালনা করেছেন। গবেষণায় তাদেরকে শত শত সামাজিক পরিস্থিতির সম্মুখীন করেছেন যেন তাদের অন্যকে সহযোগিতা বা বিরোধের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ হয়। বিজ্ঞানীরা এসব প্রতিক্রিয়া রেকর্ড করে কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করেছেন।
সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এ গবেষণার ফলাফলে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের বড় একটি অংশকে (৩০ শতাংশ) ঈর্ষান্বিত হিসেবে পাওয়া গেছে। অর্থাৎ তারা যা অর্জন করেছে সেটাকে তারা কোনো কিছু মনে করেন না, যতক্ষণ না পর্যন্ত তারা অন্যদের তুলনায় ভালো অবস্থানে থাকতে পারেন।
এই গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক জর্দি ডাচ বলেন, ‘এই শ্রেণীবিভক্তকরণ অ্যালগরিদম প্রযুক্তিটি এর আগে অন্যান্য ক্ষেত্রে সাফল্যের সঙ্গে ব্যবহার হয়েছে, যেমন জীববিজ্ঞানে। এবার প্রথমবার তা মানুষের ব্যক্তিত্ব নির্ধারণে ব্যবহৃত হয়েছে।’
গবেষণায় আশাবাদী এবং হতাশাপূর্ণ ব্যক্তিত্বের সমান সংখ্যার মানুষ পাওয়া গেছে (২০ শতাংশ)। এই তালিকায় সর্বশেষ হচ্ছে ‘বিশ্বাসী’ মানুষের দল, যারা অন্যকে অকৃত্রিম সাহায্যকারী এবং তারা জয় বা পরাজয় কোনোটাকেই বেশি প্রাধান্য দেয় না।
ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বকে একটি শিকারের রূপক মাধ্যম হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে : দুটি মানুষ একসঙ্গে হরিণ শিকার করতে পারেন, কিন্তু একা তারা শুধুমাত্র খরগোশ ধরতে সক্ষম।
ঈর্ষান্বিত : এই ব্যক্তি খরগোশ শিকার নির্বাচন করবে-কেননা তারা অন্যান্য শিকারী থেকে ভালো না হলেও অন্তত সমান হওয়ার চেষ্টা করবে।
আশাবাদী : একজন আশাবাদী হরিণ শিকার করা পছন্দ করবে- কারণ এটা উভয় মানুষের জন্য ভালো হবে।
হতাশাবাদী : হতাশাবাদী খরগোশ শিকার করা পছন্দ করবে কারণ তারা ছোট লক্ষ্য পছন্দ করে।
বিশ্বাসী : এই মানুষগুলো সহযোগিতা করে অনেক আনন্দিত হয় এবং প্রথম ভাবনাতেই তারা হরিণ শিকার করা পছন্দ করবে।
যা হোক, এর মধ্যে আপনি কোন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন?

