
নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন দর্শনাথীর সংখ্যা খুব কম থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট-বড় সকলেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে ভেতরে প্রবেশ করেন।
চিড়িয়াখানার প্রবেশ দ্বারের ইজারাদার এম এম ব্রিকস লিমিটেডের স্বত্বাধিকারী লুৎফর রহমান জানান, ঈদের দিনে স্বল্পসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দেখে হয়তো কল্পনাও করেনি পরবর্তী দুদিন দর্শনার্থী এত বেশি হবে। তবে আশানুরূপ দর্শনার্থীর উপস্থিতিতে এখন খুবই খুশি।
চিড়িয়াখানার কিউরেটর এ এস এম নজরুল ইসলাম বলেন, বুধবার দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় লাখের কাছাকাছি। ছুটিতে গ্রামের বাড়ি অবস্থান করলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছেন, বুধবারের চেয়েও বৃহস্পতিবার দর্শনার্থীর সংখ্যা ছিল আরো বেশি।
ডেপুটি কিউরেটর ডা. মো. আফাজউদ্দিন জানান, দিনভর হাজারও দর্শনার্থীর পদচারণায় গোটা চিড়িয়াখানা মুখরিত হয়ে ওঠে। দর্শনার্থীদের অধিকাংশই বাঘ, সিংহ, জিরাফ, গন্ডার, ময়ূর, বানর ও কুমীরসহ বিভিন্ন প্রাণির শেডের সামনে ভিড় করে। তবে দর্শনার্থীর সংখ্যা সঠিক বলতে না পারলেও আনুমানিক হিসেবে বৃহস্পতিবার দর্শনার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।
এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন কিংবা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে কিউরেটর এ এস এম নজরুল ইসলাম জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চিড়িয়াখানার নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও র্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। গত তিনদিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

