গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আরিচা রহমান (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরিচা রহমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদেক আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, সকালে বুড়া-বুড়ি গ্রামের একটি কলাখেতে আরিচা রহমানের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

