
পাবনার সাথিয়ায় আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নিকট সনদপত্র বিতরণ করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি এডভোকেট শামসুল হক টুকু এমপি।
নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্প। এই প্রকল্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
শিবগঞ্জ (বগুড়া) : গত ১ আগস্ট বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাসব্যাপী আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের শিবগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী ও টেকাব প্রকল্পের প্রশিক্ষক মো. রেমন ইবনে ইসলাম ও সহকারি প্রশিক্ষক ইনামুল কবির।
সাথিয়া (পাবনা) : এর আগে গত ৩১ জুলাই পাবনা জেলার সাথিয়ায় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি এডভোকেট শামসুল হক টুকু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাথিয়ার উপজেলা চেয়্যারম্যান মোখেলেসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস এবং কোর্সের প্রশিক্ষক মো. রেমন ইবনে ইসলাম ও সহকারি প্রশিক্ষক ইনামুল কবির।
সদরপুর (ফরিদপুর) : আজ মঙ্গলবার (২ আগস্ট) ফরিদপুরের সদরপুর উপজেলায় এক মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা।

