
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দিচ্ছেন ‘টেকাব’ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব আবুল হাছান খান
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের উদ্যোগে দেশব্যাপী আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক ১ মাস মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যুব ও যুবনারীদের মধ্যে গতকাল ৩১ জুলাই রোববার সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ২৩ জন যুবক ও ২৩ জন যুবনারীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘টেকাব’ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব আবুল হাছান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম মোছেনা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ব্রাহ্মণবাড়িয়া) মো. আব্দুর রশিদ। ১ মাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক ছিলেন জবিউল পারভেজ দিলদার ও সহকারি প্রশিক্ষক আলমগীর।
উল্লেখ্য, দেশব্যাপী ১ মাস মেয়াদী কম্পিউটার বিষয়ক এ প্রশিক্ষণ কার্যক্রম গত ২ এপ্রিল-২০১৬ তারিখে শুরু হয়। ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামীণ জনবলকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করছে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুব/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ১০টি ল্যাপটপ, ১টি স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাদির দ্বারা এই ভ্যানগুলো সজ্জিত করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের এই কার্যক্রমে দেশের উপজেলা পর্যায়ে যুবক ও যুবনারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানা গেছে।

