
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি; মঞ্চে উপবিষ্ট (বাঁ থেকে) নাহিম রাজ্জাক এমপি, এডভোকেট সানজিদা খানম এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, কাজী আকতার উদ্দিন আহমেদ এবং আনোয়ারুল করিম
নিজস্ব প্রতিবেদক : জাতীয় যুবনীতি-২০১৬ চূড়ান্ত করতে এ নীতির খসড়ার ওপর আলোচনা, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুলাই বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ফাইনালাইজিং ন্যাশনাল ইয়ুথ পলিসি-২০১৬’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় যুবনীতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে আলোচনার পাশাপাশি যুব উন্নয়ন নিয়ে বাংলাদেশে কাজ করেন এমন বিশেষজ্ঞরা তাদের মতামত ও পরামর্শ সরাসরি নীতি নির্ধারকদের নিকট তুলে ধরেন। বাংলাদেশে যুব উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড নিয়ে একটি অংশগ্রহণমূলক আলোচনার সুযোগ করে দেয় এই কর্মশালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকার এমপি, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের যুব উন্নয়ন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এডভোকেট সানজিদা খানম এমপি, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।
অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক ব্যারিস্টার শাহ আলী ফারহাদ। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদের যুব উন্নয়ন বিষয়ক উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক মিশনের উন্নয়ন সম্পর্কিত সংস্থা এবং যুব সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

