
জেলা প্রতিনিধি, বগুড়া : ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত ৬ জঙ্গির মধ্যে বগুড়ার আরো একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম উজ্জল। সে বগুড়ার ধুনট উপজেলার কৈয়াগাড়ী গ্রামের বদিউজ্জামান বদির ছেলে।
বদিউজ্জামান সাংবাদিকদের জানান, উজ্জ্বল এইচএসসি পাসের পর বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হয়। পরে সেখানে পড়ালেখা বাদ দিয়ে ঢাকার আশুলিয়া থানার শাজাহান মার্কেট এলাকায় মাদারী মাতব্বর কেজি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। দুই বছর ধরে সে সেখানে শিক্ষকতা করছিল। মাস ছয়েক আগে সে একবার বাড়িতে আসে। সবাইকে বলে-‘আমি বেশ কিছুদিনের জন্য তাবলীগের চিল্লাই যাচ্ছি।’ এরপর সে আর ফিরে আসেনি। ঢাকায় কমান্ডোদের গুলিতে নিহতদের প্রকাশিত ছবির মধ্যে তার ছেলেও রয়েছে।
এদিকে, এ খবর জানাজানি হওয়ার পর বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে যান। তারা নিহত শফিকুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন।
ধুনট থানার পরিদর্শক (ওসি, তদন্ত) পঞ্চানন্দ দাস জানান, ঢাকায় যে ছয়জন সন্ত্রাসী আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে তাদের মধ্যে ২১ নম্বর মরদেহটি ধুনটের শফিকুল ইসলাম উজ্জ্বলের বলে নিশ্চিত হওয়া গেছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান রাত সাড়ে ৯টার দিকে জানান, এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এ নিয়ে গুলশানে হোটেলে জঙ্গি হামলার পর কমান্ডো অভিযানে নিহত বগুড়ার দুইজনের পরিচয় পাওয়া গেল। এর আগে শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে খায়রুল ইসলামের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

