যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা থানা পুলিশের হেফাজত থেকে আসামি পলায়নের ঘটনায় সেকেন্ড অফিসারসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
রোববার রাতে বাবু ও হিরা নামে ওই দুই সন্ত্রাসী পালিয়ে যায়। এ ঘটনায় সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সূত্র জানায়, চৌগাছা শহরতলী থেকে রোববার সন্ধ্যায় বাবু ও হিরাকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ তাদের থানায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সন্ত্রাসীরা কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) ভাস্কর সাহা বলেন, পুলিশ সুপার আনিসুর রহমান ৪৮ ঘণ্টার মধ্যে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। পলাতক দুইজনকে আটকে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।
তিনি জানান, সোমবার সকালে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

