স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইউরোর মিশনে নেমে বাজিমাত করেছে ওয়েলস! বাঘা বাঘা দলগুলোকে নাকানি-চুবানি খাইয়ে ছাড়ছে তারা। শুক্রবার রাতে তারকাখচিত বেলজিয়ামকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে চলমান আসরের শেষ চারের খেলা নিশ্চিত করেছে ওয়েলস। ৫৮ বছর পর বড় কোনো প্রতিযোগিতায় খেলতে আসা দলটির সেমিফাইনালে প্রতিপক্ষ পর্তুগাল। ফাইনালের উঠার লড়াইয়ে এই দল দুটিই মুখোমুখি হবে লিওতে, আগামী ৬ জুলাই।
ওয়েলস-পর্তুগাল মুখোমুখি, এমন আবহের চেয়ে বেশী রোমাঞ্চ ছড়াচ্ছে বেল-রোনালদো, একে অপরের প্রতিপক্ষ। ওয়েলসের গ্যারেথ বেল, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, দুজনই কাঁধে কাঁধ মিলিয়ে খেলে থাকেন রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাব ফুটবলে বন্ধু হলেও জাতীয় দলের হয়ে একে অন্যের ‘শত্রু’!
ওয়েলসের প্রাণভোমরা গ্যারেথ বেল জানিয়েছেন, সেমিফাইনালে তিনবারের বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চিন্তিত নন তিনি। এ বিষয়ে বেল বলেন, ‘এটা মূলত পর্তুগাল বনাম ওয়েলস ম্যাচ। এর বাইরে আর কিছুই নয়।’
সেমিফাইনালে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে ফাইনালের টিকিট পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে ওয়েলস। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে যেতে চায় তারা। লিখতে চায় রূপকথা! বেলের ভাষায়, ‘আমরা যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠে এসেছি। প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছি। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে প্রয়োগ করছি। সেমিফাইনালে আমরা নিজেদের ক্ষমতা উজাড় করে দেব।’

