আন্তর্জাতিক ডেস্ক : খাদ্য সঙ্কটের কারণে অনাহারে ভুগছে জর্দানে অবস্থানরত ৩০ হাজার সিরীয় শিশু শরণার্থী। সিরিয়ার সঙ্গে জর্দানের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তে শরণার্থীদের জন্য জর্দান কর্তৃপক্ষ প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেয়ার পরই এ সঙ্কট সৃষ্টি হয়েছে।
পুরো রমজান মাস জুড়েই ৬০ থেকে ৭০ হাজার সিরীয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু, খাদ্য ও নিরাপদ পানি সঙ্কটে ভুগছে। গত মাসে জর্দানের বার্ম এলাকায় আইএসের হামলার পর এলাকাটিতে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এমনকি ওই হামলার পর জর্দান কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, এলাকাটিতে কোনো ধরনের আন্দোলনও সহ্য করা হবে না।
এদিকে খাদ্যের ওই তীব্র সঙ্কটের মধ্যেই সেখানে চলছে অসহ্য গরম। ইতিমধ্যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সব মিলিয়ে শরণার্থী শিবিরগুলোতে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে। মানবাধিকার আইনজীবী গেরি সিম্পসন বলেন, ‘অনেকেই সিরিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জেনেছি। এরকম বিচ্ছিন্ন এবং মরুভূমি এলাকার দুর্দশাময় পরিস্থিতি থেকে বাঁচতেই তারা এ সিদ্ধান্ত নিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে তাদের দরকার পানি এবং খাদ্য। জর্দান সব ধরনের পানি ও খাদ্য সরবরাহ বন্ধ করে রেখেছে। এর ভুক্তভোগীদের অর্ধেকই শিশু। অবশ্য কোনো কোনো এলাকায় সামান্য সরবরাহ চালু আছে।’

