আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের একটি নেভি জাহাজ ভুলক্রমে সুপারসনিক জাহাজ বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শুক্রবার। এতে স্থানীয় একজন জেলে নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার সময় নেভি জাহাজ থেকে ভুলক্রমে একটি মিসাইল ছুটে গিয়ে আঘাত করে পেঙ্গু দ্বীপের নিকটবর্তী পানিতে। এসময় দুর্ঘটনাবশত একজন স্থানীয় জেলে নিহত হন এবং আরও ৩ জন আহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল চেন চুং-চি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
মিসাইল নিক্ষেপের পর ৭৫ কিমি গতিতে ২ মাইল পর্যন্ত গেছে সেটি। কিন্তু মিসাইলের গতিপথ ছিল চীনের দিকে তাক করা যদিও তাইওয়ানের সীমানা অতিক্রম করার আগেই পানিতে পড়ে এটি।

