কুষ্টিয়া প্রতিনিধি : সাহসী ও দক্ষ বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে বিড়াল বলার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার (১ জুলাই) বিকেল ৩টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, পূর্বের বিডিআর এবং বর্তমানের বিজিবি কখনোই বিড়াল ছিলো না। এরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত বাঘের মতো হুংকার দিয়ে আসছে। বর্তমান সরকারের আমলে বিজিবি আরও দক্ষ ও সুসজ্জিত এবং সুপ্রশিক্ষিত হয়ে সাফল্যের সাথে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে। সেই বিজিবিকে বিড়াল বলা কান্ডজ্ঞানহীন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া জঙ্গি ও রাজাকারদের সঙ্গী হওয়ায় গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। দেশবাসীকে খালেদা জিয়া সম্পর্কে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

