নিজস্ব প্রতিবেদক : পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
লাইলাতুল কদর উপলক্ষে শুক্রবার দুপুরে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কোরআন।
পবিত্র গ্রন্থ আল-কোরআন মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারি হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, বলেন তিনি।
তিনি আরও বলেন, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে।
এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানগণ নিজেদেরকে বেহেশতের অনন্য উপহার লাভ করার উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রার্থনা করে। এই পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত-বন্দেগি মানবজীবনের সকল তিক্ততার বিষবাষ্পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে, বলেন খালেদা জিয়া।
বাণীতে তিনি দেশ ও জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ কাছে প্রার্থনা জানান। বলেন, ‘তার অশেষ করুণা বর্ষিত হোক।’

