বরিশাল প্রতিনিধি : বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদি ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ডাকাতি, ছিনতাই ও প্রতারণার অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮-এর অতিরিক্ত অধিনায়ক মেজর আদনান কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার গভীর রাতে বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদি নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মো. ঈমাম হোসেন পলাশ (২৪), কৃষ্ণকান্ত মজুমদার (৪০) ও মো. সুমন হোসেনকে (২৩) আটক করা হয়। তাদের কাছ থেকে পিস্তল, সুটারগান, গুলি, ম্যাগাজিন, ২৩টি মোবাইল সেট ও ৬০টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পরে ওই তিনজকে নিয়ে ভাঙ্গা থানার নতুন হেলিপ্যাড নামক এলাকা থেকে মোবাইল প্রতারক ইস্রাফিল মাতব্বর (২৫), আসাদুর রহমান (২০), রবি চন্দ্র দাস (২৬), সোহেল তালুকদার (১৬), নূরু হোসেন (২৮), জুয়েল মাতব্বর (২০), সোহেল মাতব্বর (২৫) ও রাদেশ সাম ম-লকে (৫৫) আটক করা হয়।
র্যাব জানান, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্র মোবাইল ফোনের মাধ্যমে গ্রামীণফোন, জ্বিনের বাদশা, সুব্রত বাইনের লোক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। পাশাপাশি এ চক্রটি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই করতো।

