নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরো চার নেতার নাম ঘোষণা করা হয়েছে। দলের জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন প্রেসিডিয়াম সদস্য হিসেবে এম এ হান্নান এমপি এবং আব্দুর রশীদ সরকার। এম এ হান্নান আগেও প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন।
কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে সিলেটের সেলিম উদ্দিন এমপি এবং ভাইস চেয়ারম্যান হিসেবে জহিরুল ইসলাম জহিরকে মনোনীত করা হয়েছে।
এতে আরো বলা হয়, পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় (সকল পদে নাম ঘোষণার পরে) জাতীয় পার্টির চেয়ারম্যান কমিটির তালিকায় নামের ক্রমানুসার নির্ধারণ করবেন।

