
কর্মশালায় বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার; মঞ্চে উপবিষ্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ (সর্বডানে) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম
নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘সার্বিক যুব কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলস্থ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শিশির কুমার রায়।
কর্মশালায় যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম আরো সক্রিয় করার উপর গুরুত্বারোপ করা হয়। যুব প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুবদের মেধা ও কর্মশক্তিকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে পারলে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কর্মকর্তাদের কার্যক্রমের একটি রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
কর্মাশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা পর্যায়ের উপ-পরিচালক ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটরগণ অংশগ্রহণ করেন।

