
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর; মঞ্চে উপবিষ্ট (প্রধান অতিথির ডান দিক হতে) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শমসের আলী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. ইয়াহিয়া মাহমুদ
নিজস্ব প্রতিনিধি : কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের মধ্যাঞ্চলে তুলা উৎপাদনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক একটি কর্মশালা গত ৩-৪ জুন ময়মনসিংহস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ডের ঢাকা অঞ্চল কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শমসের আলী এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. ইয়াহিয়া মাহমুদ।
ড. মো. আলী আকবর বলেন, তুলা বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে অভিযোজন শস্য হিসেবে তুলা খুবই উপযোগী। তিনি বলেন, বাংলাদেশে তুলা চাষের অপার সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে তুলা চাষ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে তুলা চাষ বিষয়ক গবেষণা কার্যক্রমকে তিনি আরো জোরদার করার আহ্বান জানান এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এ গবেষণায় সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য দিচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিন
ড. মো. ফরিদ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত তুলাচাষি, সম্প্রসারণ কর্মীসহ সংশ্লিষ্টদের উদ্দেশ করে বলেন, আগামী ১৫ জুন তুলার বপন মৌসুম শুরু হচ্ছে। চাষিদের কাছে তুলা চাষের সকল উপকরণ যথাসময়ে পৌঁছানোর আহ্বান জানিয়ে পবিত্র রমজানের মধ্যেও সংশ্লিষ্ট সকলকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন তিনি।
তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে তুলা চাষিদের মাঝে পুরস্কার বিতরণসহ কারিগরি অধিবেশনেরও আয়োজন করা হয়।

