নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বড় ধরনের বাজেটকে সমর্থন করলেও বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
এর পক্ষে যুক্তি দেখিয়ে দলটি বলছে, বাজেটের এই আকার অতীত বাজেটগুলোর ধারাবাহিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাজেট এক অর্থে গতানুগতিক। দূরবর্তী অতীতের বাজেটের সঙ্গে তুলনা করলে প্রস্তাবিত বাজেট উচ্চকাক্সক্ষী। তা ছাড়া রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটি আদায় করা সম্ভব নয়। এই বাজেট মানুষের কোনো কল্যাণ বয়ে আনবে না।
বুুধবার দুপুরের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার পাশে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রবৃদ্ধি অব্যাহত রাখা, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আগামী অর্থবছরে জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট উপাস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় এই বাজেটের আকার বিদায়ী অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বেশি।

