
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে নিখোঁজ মানুষদের উদ্ধার, আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে অবিলম্বে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অবিলম্বে ঘূর্ণিঝড় কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহযোগিতায় পাশে দাঁড়ানোর জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (২২ মে) দুপরে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক শোকবার্তায় এ দাবি ও আহ্বান জানান মির্জা ফখরুল।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে অন্তত ২৬ জনের প্রাণহানিতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই।’
এ প্রসঙ্গে বিবৃতিতে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এ দেশের মানুষ প্রাকৃতিক নানা দুর্যোগময় পরিস্থিতি অত্যন্ত ধৈর্য্য ও সাহসের সঙ্গে কাটিয়ে উঠে নতুন করে নব উদ্যমে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুর্যোগ কবলিত মানুষ যারা আত্মীয়-স্বজন হারিয়েছেন তারা স্বজন হারানোর যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। মহান রাব্বুল আলামিন তাদের সহায় হউন।’
শোকবার্তায় মির্জা ফখরুল ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকবিহব্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, শনিবার (২১ মে) সকালের পর থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় রোয়ানুতে ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, কক্সবাজার, পটুয়াখালী, চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় অন্তত ২৬ জনের প্রাণহানি এবং অসংখ্য মানুষ আহত, নিখোঁজ ও বিপুল সংখ্যক ঘরবাড়ি ও ফসলি ক্ষেত বিধ্বস্ত হয়েছে।

