ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার নির্দেশেই আসলামের ইসরায়েল সফর

Link Copied!

Hasan Mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য আসলাম চৌধুরী শুধু ভারতের বিভিন্ন শহরে ইসরায়েলি এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন তা নয়, খালেদার নির্দেশে সরকার পতনের ষড়যন্ত্রে বিশেষ ব্যবস্থায় তিনি ইসরায়েল সফর করেছেন।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘মোসাদের এজেন্টের সাথে যখন আসলাম চৌধুরীর বৈঠকের সচিত্র খবর প্রকাশ করা হয় তখন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তা অস্বীকার করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী যখন স্বীকার করেন তখন বিএনপি মুখে কুলুপ দেয়। আসলাম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছেন যে, দলীয় হাই কমান্ডের নির্দেশেই তিনি ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। সে এজেন্ট বিবিসির কাছে সাক্ষাতকারে আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। এতেই প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। খালেদা জিয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থায় ইসরায়েলে সফর করেছেন আসলাম চৌধুরী।’
তিনি আরও বলেন, ‘আসলাম চৌধুরীর ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সেখান থেকে দলের অনেক সিনিয়র নেতাদের উপেক্ষা করে খালেদা জিয়া তাকে সরাসরি দলের যুগ্ম মহাসচিব বানিয়েছেন। এর পেছনে দুটো কারণ আছে। প্রথমত ইসরাইলের সঙ্গে কাজ করার জন্য পুরস্কার হিসেবে, অপরটির হলো ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাট করেছেন। যে টাকা বিএনপির নেতাদের মধ্যে হয়তো ভাগ-বাটোয়ারা হয়েছে। এখন প্রশ্ন হলো সেই চার হাজার কোটি টাকার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা কত করে পেয়েছেন?’
বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন আসলেই খালেদা জিয়া কড়া মুসলমান হয়ে যান। অথচ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তিনি। বিএনপি জোটে যে সকল ইসলামী দল আছে তাদের প্রতি আহ্বান জানিয়ে বলছি- আপনারা বিএনপিকে বর্জন করুন, না হয় মুসলিম জাহান ও মানবতার শত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে দেশবিরোধী এ ষড়যন্ত্রের অংশীদার হিসেবে গণ্য হবেন।’
সংগঠনের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হারুনুর রশীদ, বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক, এম এ করিম ও শাহাদাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীরসহ ২ জনের ৭  দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। গত সোমবার (১৬ মে)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারী দীর্ঘ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাত করেন। যার কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উক্ত আসামিকে (আসলাম) গ্রেপ্তারের পর জানা যায় যে, ওই সময় ভারতে অবস্থান করে মোসাদ এর এজেন্ট মেন্দির সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে বৈঠক করে বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন।
আবেদনে আরো বলা হয়, ‘উক্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন যা দেশে অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং রাষ্ট্রদ্রোহের শামিল। তার উক্ত কার্যকলাপের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার জন্য রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’