ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে

Link Copied!

Khondokerনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আর জিয়ার প্রতিষ্ঠিত দল হিসেবে সে দায়িত্ব মূলত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেই নিতে হবে।’
মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফসাপোর্টে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শহীদ জিয়া, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ -শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না। তাদের কোনো জনসমর্থন নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। এদের আমলে জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নয়, দখলের মহোৎসব চলছে। সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের আজ কী অবস্থা? জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকার দেশের সবকিছুকে ধ্বংস করেছে। দলীয়করণ করায় বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে। অযোগ্য দলীয় ব্যক্তিদের উপযুক্ত স্থানে বসানোয় ধ্বংস হয়েছে চিকিৎসা ব্যবস্থাও। আর আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। দেশে আজ কেউ নিরাপদ নয়। মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে।’
এ প্রসঙ্গে আইজিপির সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আইজিপি জনগণকে ব্যক্তিগত নিরাপত্তা বলয় সৃষ্টির পরামর্শ দিয়েছেন। অথচ জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। আইজিপির ওই বক্তব্যে প্রমাণিত হয়েছে, সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ও দেশবাসীর নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।’
এসময় বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কবলে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাস বইছে, সঙ্গে প্রবল বৃষ্টিপাত। সমুদ্রে ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউ উঠছে। ৮০ কিমি গতিবেগে বইছে ঝড়ো হাওয়া।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- সাবেক প্রতিমন্ত্রী দীপেন দেওয়ান, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সংগঠনের নেতা অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. আব্দুস সালাম ও অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।