ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-পুলিশ এখন হত্যাবিলাসী

Link Copied!

rab-policeনিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাব এখন ‘হত্যাবিলাসী প্রতিষ্ঠানে’ পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, সরকার বিরোধীদলসহ জনগণের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে। ভোটারবিহীন প্রধানমন্ত্রীর এ নিষ্ঠুর আচরণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, বিরাজমান জন-অসন্তোষের পক্ষে কেউ যাতে কথা না বলতে পারে।
পরিস্থিতি দেখে এটাই মনে হয় যে, দেশে সব সময়ের জন্য অলিখিতভাবে সান্ধ্য আইন জারি করে রাখা হয়েছে। বিরোধী কণ্ঠস্বর নির্বাক করতেই দমনমূলক এ সান্ধ্য আইনের ফাঁদ তৈরি করে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার পুলিশের মর্জিতে বিলীন করে দেয়া হয়েছে। এ রাষ্ট্র এখন পুলিশের কর্তৃত্বে। সুতরাং অর্থনীতিকে দেউলিয়া করে জনগণকে চরম দুর্বিপাকে ফেলার পরও কেউ যাতে প্রতিবাদী না হতে পারে সে জন্যই পুলিশকে দেয়া হয়েছে অপরিসীম ক্ষমতা। পুলিশ ও র‌্যাব এখন  হত্যাবিলাসী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্র শক্তিকে নিজেদের সুবিধামত ব্যবহার করার জন্যই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সরকার নিজেদের মনের মতো করে সাজিয়ে নিয়েছে।’
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘বর্তমানে মাহমুদুর রহমানকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা হচ্ছে। তিনি প্রায় তিন বছর ধরে কারাগারে থাকলেও গত বুধবার কোতোয়ালি থানার নাশকতার একটি বানোয়াট ও মিথ্যা মামলায় তাকে আবারো গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করে। কারাগারে আটক থাকাবস্থায় নতুন করে মাহমুদুর রহমানকে আটক দেখিয়ে রিমান্ড চাওয়া সম্পূর্ণ অমানবিক ও সরকারের নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থেরই বহিঃপ্রকাশ।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রীর একতরফা কর্তৃত্ব নিরঙ্কুশ করতে মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছে। রিমান্ড আবেদন বাতিল করে সকল মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক অবিলম্বে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।