অভাবের তাড়নায় বাগেরহাটের মোড়েলগঞ্জের ১ বছর ৩ মাস বয়সের শিশু পুত্রকে ৩০ হাজার টাকায় মোংলায় বিক্রি করে দিয়েছে মা। এ ঘটনাকে কেন্দ্র করে মোড়েলগন্জ ও মোংলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ও খোঁজখবরে জানা গেছে, মোড়েলগন্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিকা আক্তারের (১৮) প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। শিশুটির নাম আলআমিন। পরবর্তীতে পারিবারিক কারনে স্বামীর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন। বাবার পরিবারে অভাব-অনটন থাকায় আনিকা তার সন্তান বিক্রির সিদ্ধান্ত নেয়।
এরপর বুধবার বিকেলে স্থানীয় প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী ও আনিকার বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলায় এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে আনিকা বলেন, আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাতে পারিনা বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।
এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাঁদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

