নারায়ণগঞ্জ প্রতিনিধি : আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ও রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরীর অভিযোগ এনে বিএনপির সাতজন নেতাকে তাদের স্ব স্ব পদ ও দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের মাসদাইর এলাকায় নিজ বাড়ির মজলুম মিলনায়তনে এক সভায় জেলা বিএনপর সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দাকার ওই সাত জনকে অব্যাহতির ঘোষণা দেন।
সাতজন হলেন-কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, আলীরটেকের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুরের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টু, একই ইউনিয়নের বিএনপি নেতা আলী আকবর ও গোগনগরের সেক্রেটারি নজরুল ইসলাম এবং রূপগঞ্জের কায়েতপাড়ার গুলজার হোসেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরীর অভিযোগে তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট না দেয়া পর্যন্ত তাদের সাময়িক অব্যাহতি বহাল থাকবে। এ ব্যাপারে থানা বিএনপির শোকজের জবাব ও জেলা বিএনপির প্রতিবেদন দলের মহাসচিবের কাছে পাঠানো হবে। এ বিষয়ে দলের মহাসচিব চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
এর আগে নির্বাচনে কেন বিএনপির প্রার্থী নেই সে জন্য কারণ দর্শাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহআলম ও সেক্রেটারি আবুল কালাম আজাদ বিশ্বাসকে চিঠি দেন তৈমূর। একই চিঠি দেয়া হয় সদরের সভাপতি আবদুর রহমানকেও। সদরের ৬টি ইউনিয়নের মধ্যে তিনটিতে ইতোমধ্যে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর অপর তিনটির মধ্যে একটিতে মাত্র বিএনপির প্রার্থী রয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি পরিষদের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী নেই। কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বক্তাবলী ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থী ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর। তিনি মনোনয়ন পত্রই জমা দেননি। কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আলী আকবর। তিনিও মনোনয়নপত্র জমা দেননি। এখানে বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে মনোনিত আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনও মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র জমা দেন গোগনগর ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম সর্দার যিনি গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তবে সদরের একমাত্র এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাহামুদুল হক আলমগীর মাঠে রয়েছেন যিনি এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

