নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় মূল্যবোধহীন স্বাধীনতাকে অর্থহীন উল্লেখ করে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ বলেছেন, ‘সবার মধ্যেই দেশপ্রেম আছে। কিন্তু আমরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শাপলা চত্বরে যাওয়ার পর আমাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছিল।’
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত রাজধানীর মসজিদের ভেতরে মুয়াজ্জিন হত্যা, দেশব্যাপী চলমান খুন, গুম নারী-শিশু হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে মুফতি ফজলুল হক আমিনী (রহ.) প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। এ দেশে কেউ নিরাপদ না। ব্যাংক লুটের বিচার হয় না, ধর্ষণ, হত্যা, নির্যাতন কোনো অরাধের বিচার এদেশে নেই। সরকার দেশের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে।’
ইসলাম বিনাশ করতে প্রকাশ্যে মসজিদে ঢুকে মুয়াজ্জিন হত্যা করা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, যারা মুয়াজ্জিন হত্যা করেছে তারা ইসলাম বিনাশে মাঠে নেমেছে। এর পেছনে রয়েছে সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ। অবিলম্বে মুয়াজ্জিন হত্যার বিচার করতে হবে।
মানবন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক মু. আবুল হাসিম, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিনসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

