নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকারের হাত ধরে যারা নির্বাচনের স্বপ্ন দেখেন তারা নব্য রাজাকার।
বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, যারা রাজাকারের হাত ধরে বঙ্গবন্ধুকে স্মরণ করে তারা জঙ্গি ও নব্য রাজাকার। তাই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়াতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, ভালো জিনিস নিয়ে সব সময় আলোচনা করতে হবে। বিশেষ করে গণতন্ত্র, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে। তা না হলে এতে ধুলোবালি জমে যাবে। বীরদের সম্মান না করলে নতুন বীরের জন্ম হয়না। ইতিহাস না ঘাটলে নতুন ইতিহাসের জন্ম হয়না।
তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরে এদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন হয়েছে। বঙ্গবন্ধু ২৮ বছর নির্বাসনে ছিলেন। তাই বঙ্গবন্ধুকে জনগণের সামনে তুলে আনতে হবে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে বেশি বেশি চর্চা করতে হবে।
কবি অসীম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবি নূহ-উল-আলম লেনিন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, বিশ্ববাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী প্রমুখ।
কবিতা, ছড়া পাঠ, আবৃত্তি ও শিল্পী সৈয়দ মাসুদ হোসেনের ‘কবিতায় বঙ্গবন্ধু’ শিরোনামে বাংলা একাডেমি ও বিশ্ববাংলা কবিতা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

