টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে চলন্তবাসে গার্মেন্টসকর্মী গণধর্ষণের ঘটনায় পাঁচ শ্রমিক নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সকালে শ্রমিক নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম তাদের আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকতা ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা জানান, সকালে মামলার অন্য ৬ আসামির মধ্যে লতিফ মুন্সি, সেলিম, জালু, মেলেটারি সেলিম ও ইলিয়াস আদালতে হাজির হয়। পরে বিচারকের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়। লাবলু নামে অপর এক আসামি বাকি রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাজীপুর থেকে তার খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী বেড়াতে যায়। পরে শুক্রবার সকালে গাজীপুরের উদ্দেশে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে বিনিময় পরিবহনের ১৯৫৪ সিরিয়ালের একটি বাসে উঠে। এ সময় বাসটির চালক ও চার স্টাফ তাকে একাই নিয়ে রওনা হয়। পরে বাসটি গন্তব্যে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে যেতে থাকে। এতে নুর নাহার জিজ্ঞেস করলে বাসের স্টাফরা তাকে মারধর ও সব জানালা গেট বন্ধ করে দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে একে একে বাসের চালকসহ তিনজন তাকে গণধর্ষণ করে বাস থেকে নামিয়ে দিয়ে চলে যায়।

