সিরাজগঞ্জ প্রতিনিধি : বেলকুচি উপজেলায় ট্রাকচাপায় আলহাজ্ব হোসেন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুই স্কুলছাত্র। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাইঝাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ্ব হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল আলহাজ্ব ও তার দুই সহপাঠি। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলহাজ্ব নিহত হয় ও আহত হয় অপর দুইজন। পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে ও আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

