গাজীপুর প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘সরকার এবং নির্বাচন কমিশনকে বিএনপি একটি সুযোগ দিচ্ছে, যেন দেশবাসীর প্রত্যাশা এবং সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করে। আর যদি না করে তবে তারা অতীতের মতো বিতর্কিত হবে এবং সরকারের মরণ ঘণ্টা বেজে যাবে।’
সোমবার সকালে গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হান্নান শাহ বলেন, ‘অতীতে আওয়ামী লীগ সরকার নির্বাচনে ডাকাতি করেছে। আর ডাকাতদের এদেশের মানুষ পছন্দ করে না। বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনকে একটি টেস্টকেস হিসেবে নিয়েছে।’
এ সময় অ্যাডভোকেট শহীদুজ্জামান, মঞ্জুর মোর্শেদ পিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে কাপাসিয়া থানায় দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন হান্নান শাহ।

