নিজস্ব প্রতিবেদক : বিএনপিতে সঠিক নেতৃত্বের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন স্বয়ং বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘ডা. মিলন ও গণতন্ত্র‘ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আলোচনা সভায় তিনি বলেন, ‘আন্দোলনের জন্য দেশের মানুষ প্রস্তুত। আমাদের সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। সঠিক নেতৃত্বের মাধ্যমে আরেকটি আন্দোলন হলে সহ্য করার মতো ক্ষমতা এই সরকারের নেই।’ দেশটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলেই আওয়ামী লীগ তার দলের একজন কর্মীর চেয়ে পুলিশের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘মাথা পচে গেলে সমস্ত শরীরও পচে যায়’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকারের শীর্ষ নেতারা দুর্নীতিগ্রস্ত বলেই সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতারা দেশটাকে লুটের রাজ্যে পরিণত করেছে।’
এ সময় পৌর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার বিরোধী দলের সাথে ষড়যন্ত্র করছে, বিএনপি নির্বাচনে যাবে বলে সরকার আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে সারাদেশে গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে।’
তিনি আরো বলেন, ‘সংধিধান অনুযায়ী পৌর নির্বাচনে তফসিল ঘোষণার পর ৪৫ দিন সময় থাকে। কিন্তু সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ৩৫ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেছে। এর মাধ্যামে সরকারের ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে।’
ড্যাবের সহ-সভাপতি ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।

