নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর। এ নির্বাচনে অংশ নিচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি। আগামী ২৯ নভেম্বর থেকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন পার্টির চেয়ারম্যান এরশাদ।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকা দলের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতি।
এস এম ফয়সল চিশতি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। এ দল প্রতিকূল অবস্থাতেও নির্বাচনে গেছে। পার্টির চেয়ারম্যান জেল থেকে বারবার নির্বাচিত হয়েছেন। দলীয় প্রতীকে প্রথম পৌরসভা নির্বাচনকে জাতীয় পার্টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আশা করি, বড় দুই দলের ব্যর্থতায় আমরা ভালো ফল লাভ করতে পারব।’
দলীয় সূত্র জানায়, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার বনানী কার্যালয়ে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। দেশের ২৩৪টি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সময় সংশ্লিষ্ট জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

