লাইফস্টাইল ডেস্ক : শীতের আগমনে বাজারে মিলছে হরেক রকমের সবজি। তাজা এসব সবজি দেখে প্রয়োজনের চেয়ে কেনার আগ্রহ থাকে বেশি। তাছাড়া বেশির ভাগ সময় ব্যস্ত থাকার কারণে পুরো সপ্তাহের বাজার ব্যাগে উঠিয়ে নেন একবারে। কিন্তু সমস্যা বাধে সপ্তাহজুড়ে সবজি তাজা রাখা নিয়ে। ফ্রিজে রাখলেও অনেক সময় সবজি পচে যায়। এমন ঝামেলা থেকে পরিত্রাণ পেতে প্রয়োগ করতে পারেন সহজ কিছু কৌশল।
– লেটুস পাতা, পালং শাক, সেলেরির মতো সবুজ সবজি পরিষ্কার করে ধুয়ে ফুডগ্রেড কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করুন। এতে সপ্তাহ জুড়ে তাজা থাকবে। লেটুস পাতার তাজা ভাব বজায় রাখার জন্য ধোয়ার সময় পানির মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিলে বেশি কাজ হবে।
– লেবু বেশিদিন তাজা রাখতে চাইলে লবণের কৌটার মধ্যে রাখুন। বাঁধাকপি, মটরশুঁটি, পালংশাকের মতো সবুজ সবজির ফ্লেভার বজায় রাখতে রান্নার সময় আধা চামচ চিনি মেশান আর রান্নার শেষের দিকে লবণ দিন।
– আস্ত ফুলকপি রান্না করার সময় অর্ধেক লেবু তার উপরের অংশে ঘষে নিন। কপির ডাটার মাঝখানে ছুরি দিয়ে কোণাকুণি কেটে দিলে সহজে সেদ্ধ হবে, রঙও অক্ষুণ্ণ থাকবে।
– শশা কাটার একঘণ্টা আগে লবণ-পানিতে ভিজিয়ে রাখতে পারেন। সালাদের স্বাদ বাড়াতে এটি খুবই গুরুত্বপূর্ণ।
– কাঁচামরিচের বোঁটা ছাড়িয়ে মাঝখানে সামান্য চিরে রাখুন, তারপর এতে লবণ-হলুদ মেখে রোদে শুকিয়ে নিয়ে স্টোর করুন। বেশিদিন তাজা থাকবে।
– আলু বেশি দিন ভালো রাখার জন্য আলুর সঙ্গে ব্যাগে ভরে একটা ছোট আপেল রাখুন। আলু সহজে পচে যাবে না।
– বেগুন, স্কোয়াশের মতো সবজি পরিষ্কার করে ধুয়ে, তারপর কাপড়ে মুছে পলিথিনে করে ফ্রিজে রাখুন। ভালো থাকবে অনেক দিন।

