লাইফস্টাইল ডেস্ক : মিষ্টির কথা শুনলে জিভে জল আসে ছোট বড় সবার। কারো কাছে যেনতেন মিষ্টি হলেই হল, কেউ আবার মিষ্টির দারুণ ভক্ত তবে তা অবশ্যই মান সম্মত হতে হবে। এমন মিষ্টির তালিকায় থাকতে পারে ছানার সন্দেশ। তাও যদি হয় চকলেট ছানার সন্দেশ তাহলে তো কথায় নেই। এমন স্বাদের মিষ্টির জন্য মন ছুটলেই আপনাকে দোকানে দৌড়াতে হবে না। খুব সহজে নিজের হাতে তৈরি হতে পারে পছন্দের চকলেট ছানার সন্দেশ। একনজরে দেখে নিন এই সন্দেশের সহজ রেসিপি।
যা যা লাগবে
ছানা ২ কাপ, ব্রাউন সুগার পরিমাণমতো, সাদা চিনি ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, ক্রিম ২ থেকে ৩ টেবিল চামচ, হোয়াইট কুকিং চকলেট আধা কাপ (কোরানো), তরল দুধ ১ টেবিল চামচ ও ডার্ক কুকিং চকলেট পরিমাণমতো।
যেভাবে করবেন
চুলায় ছানা ও মাখন দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এবার ব্রাউন সুগার ও সাদা চিনি দিয়ে ভাজতে থাকুন। এবার ক্রিম দিয়ে মিষ্টি পরখ করে নামিয়ে একটি গোলাকার পাত্রে পুরু করে চেপে বিছিয়ে দিন। ঠাণ্ডা হলে বরফি বা পছন্দের আকারে সন্দেশ কেটে নিন। এবার হোয়াইট চকলেট ও দুধ মাইক্রোওয়েভ ওভেনে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপে কিছুক্ষণ দিয়ে গলিয়ে নিতে হবে। এটি সন্দেশের ওপর ঢেলে দিয়ে ফ্রিজে রাখুন ত্রিশ মিনিট। ফ্রিজ থেকে নামিয়ে ডার্ক চকলেট একইভাবে মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে ওপরে ডিজাইন আকারে সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল পছন্দের চকলেট ছানার সন্দেশ।

