লাইফস্টাইল ডেস্ক : ঈদের দিন নিজেদের খাওয়া বা অতিথিকে সেমাই দিয়ে মিষ্টিমুখ করার রেওয়াজ বহুদিনের। সেমাই না হলে ঈদের খাবারে থেকে যায় অপূর্ণতা। তাই গতানুগতিক সেমাই রান্নার বদলে এই ঈদে বানিয়ে নিতে পারেন সেমাই বরফি। সেমাই বরফি দেখতে যেমন আকর্ষণীয় স্বাদে তেমনি অনন্য। তাই চট করে দেখে নেয়া যাক সেমাই বরফি বানানোর ছোট্ট কৌশল।
যা যা লাগবে
সেমাই ২৫০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১ টিন, চিনি পরিমাণমতো, ঘি বা তেল ৩ টেবিল চামচ, কিসমিস-বাদাম দুই টেবিল চামচ, জাফরান সামন্য।
যেভাবে করবেন
প্রথমে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে সেমাই ছোট করে ভেঙ্গে লালচে করে ভেজে নিন। এবার ভাজা সেমাইয়ের মধ্যে কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে নাড়তে থাকুন। তারপর কিসমিস আর বাদাম দিয়ে ভালো করে নাড়তে হবে। সেমাই নাড়তে নাড়তে যখন আঠা আঠা হয়ে যাবে তখন সামান্য তরল দুধে জাফরান দানা গুলিয়ে ছিটিয়ে দিন। এক মিনিট পর সেমাই নামিয়ে নিয়ে বড় একটা পাত্রে ঢেলে আপনার ইচ্ছামত ডিজাইন করে কাটুন। পাত্রে আগে থেকেই ঘি মাখিয়ে রাখলে বরফি ভেঙে লেগে থাকবে না। প্লেটে সাজিয়ে বেশি করে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।

