নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ নাগরিক ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যানের শাস্তির বিষয়ে বিবৃতি দেয়ায় আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিলটি দায়ের করা হয়।
এর আগে গত ১০ জুন আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা আদালতে দাঁড় করিয়ে রাখেন ও ৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। জরিমানা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
তিনি ইতোমধ্যেই ১ ঘণ্টা আদালতে দাঁড়িয়ে থেকে দণ্ড ভোগ করেছেন।
ট্রাইব্যুনালের বিরাচক ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দণ্ড প্রদানের আদেশ দেন।
গত ২ ডিসেম্বর সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর তার সাজার বিষয়ে উষ্মা প্রকাশ করে বিবৃতি দেন এসব বিশিষ্ট নাগরিক।

