গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নাওজোড় এলাকায় বজ্রপাতে দুইজন নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাওজোড় এলাকার আলমের ছেলে জুয়েল ও একই এলাকার ওবায়দুল ।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নাওজোড় মাহবুব ফিলিং স্টেশনের উত্তর পাশে বালুর মাঠে ফুটবল খেলতে যাওয়ার পথে বজ্রপাতে ওই সাতজন আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ও ওবায়দুলকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে জয়নাল আবেদীনের ছেলে আমান উদ্দিন ও মুজিবুর রহমানের ছেলে জনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নিহত দুই জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

