ঢাকাMonday , 15 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ১৪

Link Copied!

Accidentপাঞ্জেরী ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর গুলিস্তান, ময়মনসিংহ, হবিগঞ্জ ও গাইবান্ধায় স্বামী-স্ত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে ময়নসিংহের মুক্তাগাছায়, সকাল পৌনে ১০টার দিকে ঢাকার গুলিস্তানে, সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের আদর্শ বাজার নামক স্থানে এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ময়মনসিংহ: মুক্তাগাছায় পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ল্যাংরার বাজার সংলগ্ন মিমুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুক্তাগাছার পাইকরা গ্রামের নবিরন বেগম (৬৫), তার ছেলে সালাম (৩২) ও মন্টু (৩৫), কালিবাড়ি পাইকরা গ্রামের মো. কাসেম (৬০), একই এলাকার তুফান মিয়া (৭০) ও ইকবাল। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। তারা কালীবাড়ী আদালতে হাজিরা দিতে ময়মনসিংহের উদ্দেশ্যে আসছিলেন।
মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মুক্তাগাছা উপজেলার কালীবাড়ী বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ল্যাংরার বাজার সংলগ্ন মিমুরিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নবিরন বেগম ও তার ছেলে সালাম ও মন্টু মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মো. কাশেম, তুফান মিয়া এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ইকবাল মারা যান। গুরুতর অবস্থায় লুৎফর ও মনোয়ারা নামে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা শিশুটি প্রাণে রক্ষা পায়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের আদর্শ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল জানান, সকালে রংপুরের এমায়েতপুর থেকে মতিয়ার রহমান তার স্ত্রী আছমা খাতুন ও ছেলেকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথিমধ্যে আদর্শ বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মতিয়ার রহমান ও তার স্ত্রী আছমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের শিশুটি রাস্তার পাশে ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়।
হবিগঞ্জ: হবিগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার সদরঘাট নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
এছাড় রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী মোরসালিন ভূঁইয়া জানান, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-তারাবো রুটের একটি বাস অজ্ঞাত ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।