ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ত্রিশাল পৌর শহরের নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বটতলায় অবস্থিত নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি ডুবে আছে হাঁটু পানিতে। স্যান্ডাল হাতে, প্যান্ট গুটিয়ে যেতে হচ্ছে স্কুলে। ক্লাসরুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জলাবদ্ধতায় শিক্ষার্থীদের এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
টানা বর্ষণে বিদ্যালয়টি জলাবদ্ধ হয়ে পড়লেও দীর্ঘদিন ধরেই মাঠটি সংস্কার না করায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী। শিক্ষার্থীরা জলাবদ্ধতাকে উপেক্ষা করেই পাঠ নেয়ার জন্য যাচ্ছে ক্লাসরুমে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশাল পৌর শহরের নামাপাড়ার বটতলায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। দীর্ঘ দিন ধরে বর্ষা মৌসুমে মাঠটির এ করুণ দশার চিত্র নজরে আসে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে একদিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়তের সমস্যার মুখে পড়ে, অন্যদিকে, খেলাধুলা থেকেও বঞ্চিত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন অভিযোগ করেন, প্রতি বছর বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না। এতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করার জন্য দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে। তাছাড়া শিক্ষার্থীরা রয়েছে চরম দুর্ভোগের মধ্যে। বিদ্যালয়ের এ নাজুক পরিস্থিতি থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

