স্পোর্টস ডেস্ক : পিঠের চোটে পড়ে ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিও তিনি মিস করেছিলেন। শেষ অবধি বাকি ম্যাচগুলোতেও আর খেলা হচ্ছে না এই মারকুটে ব্যাটসম্যানের।
লর্ডসে প্রথম টেস্টেই পিঠের চোটে পড়েন কিউই তারকা অলরাউন্ডার। পিঠে ব্যথা নিয়েই ওই টেস্টে ৬৭ রান করেন অ্যান্ডারসন। ইনজুরির কারণে বোলিং ৮ ওভারের বেশি করতে পারেননি।
দ্বিতীয় ওয়ানডের আগে অ্যান্ডারসনকে এমআরআই স্ক্যান করতে পাঠানো হয়। সেখানে নতুন করে তার হাড়ে চোট ধরা পড়ে। আর এ কারণেই অ্যান্ডারসনকে দেশে ফিরে যেতে হচ্ছে।
কোচ মাইক হেসন বলেন, ‘ওয়ানডে সিরিজে পুরো ফিটনেস ফিরে পেতে কোরি (অ্যান্ডারসন) কঠোর পরিশ্রম করেছে। কিন্তু চোট থেকে সেরে উঠতে পারেনি।’
অ্যান্ডারসনের বিকল্প হিসেবে কাকে দলে নেয়া হবে সেটি এখনো ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

