স্পোর্টস ডেস্ক : শুরুটা মোটেও ভালো হয়নি। প্রত্যাশার বেলুন ফুলিয়েও শেষ পর্যন্ত সব চুপসে গেছে। বিশ্বকাপ বাছাই পর্বে বি গ্রুপের প্রথম ম্যাচেই কিরগিজস্তানের সঙ্গে ৩-১ গোলের হার। ঘরের মাঠে এমন পারফরমেন্সে হতাশ ফুটবলমোদী দর্শক। তাই বলে পেছনে তাকালে চলবে না। আগামী ১৬ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন করে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় প্রত্যয় মামুনুল শিবিরে।
গত শুক্রবার ঢাকা ত্যাগ করেছে কিরগিজস্তান ফুটবল দল। আগামীকাল রোববার ঢাকায় আসছে তাজিকিস্তান জাতীয় ফুটবল দল। এ দিন বিকেল ৫টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাজিক শিবির।
মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলে এবার সরাসরি গ্রুপপর্বে খেলছে বাংলাদেশ। বাংলাদেশ রয়েছে বি গ্রুপে। বাকি প্রতিপক্ষরা হলো বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেক দল মোট আটটি করে ম্যাচ খেলবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন আট দল ও সেরা চার রানার্সআপ; মোট ১২ দল খেলবে রাশিয়া বিশ্বকাপের মূল বাছাই পর্বে। সেখান থেকে চারটি দল টিকিট পাবে রাশিয়ার বিশ্বকাপের মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলটিকে প্লে অফ খেলতে হবে লাতিন আমেরিকার কোন দলের সঙ্গে।

