বিনোদন ডেস্ক : সারা গায়ে এখন তার কালসিটের দাগ, শুটিং-এ গিয়ে মার খেয়েছেন সোনম কাপুর। সহ-অভিনেতা আবরার জহুর থাপ্পড় মেরেছে তার গালে। সোনমের পেটে লাথিও মেরেছেন আবরার! পুরো ব্যাপারটাই ঘটেছে এক ঘর লোকের সামনে। অথচ, কেউ টুঁ শব্দটিও করেনি। চুপচাপ শুধু দাঁড়িয়ে দেখে গিয়েছে!
অবশ্য এটাই নিয়ম, পরিচালক একবার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ বলে দিলে তার পর আর কেউ কথা বলে না। সোনমও চুপচাপ মার খেয়েছেন রাম মধবানির ‘নীরজা’ ছবির শট দিতে গিয়ে। কিন্তু, সত্যি বলতে কি, ওই অসহ্য মারের একটাও অভিনয় নয়। পরিচালকের দাবিতে আর চিত্রনাট্যের প্রয়োজনে রীতিমতো শারীরিক নির্যাতন সইতে হয়েছে অনিল কাপুর তনয়াকে।
চিত্রনাট্যের প্রয়োজনে আর চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অনেক কত কি করেন অভিনেতারা, তা বলে শারীরিক নির্যাতন সহ্য করা? তাও একজন কোমলমতি নারীর পক্ষে? সত্যিই কঠিন। শুধু পরিচালকের দাবি নয়, নিজের ইচ্ছাতেই এমন শট দিয়েছেন সোনম।
রাম মধবানির ‘নীরজা’ ছবিটি তৈরি হচ্ছে এক প্লেন হাইজ্যাকের সত্যি ঘটনা নিয়ে। ১৯৮৬ সালে প্যান অ্যামের বিমানসেবিকা নীরজা ভানট যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন। প্লেন হাইজ্যাকের সময়ে তার উপর যথেষ্ট শারীরিক নির্যাতনও চালায় চার জঙ্গি। নীরজার চরিত্রে অভিনয় করতে গিয়ে চরিত্রের সঙ্গে এ ভাবেই একাত্ম হতে চাইছেন নায়িকা। ভাগ করে নিতে চাইছেন ২২ বছরের অকালপ্রয়াত নীরজার যন্ত্রণা।
‘আমার সারা গায়ে কালসিটে পড়ে গিয়েছে। পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছি। কিন্তু এই ছবির জন্য আমি কোন বডি ডাবলের সাহায্য নেবো না। কষ্ট হচ্ছে ঠিকই। দিনে প্রায় ১৬ ঘণ্টা ধরে এমন এক চরিত্রে শুটিং করা তো সহজ ব্যাপার নয়। যাই হোক, ছবির কাজ প্রায় শেষ হয়ে এসেছে’- বলেছেন সোনম।

