বিনোদন ডেস্ক : বাড়িওয়ালা ও ভাড়াটে দ্বন্দ নতুন কিছু নয়। ভাড়ার টাকা, বাথরুমের ফিটিংস নষ্ট, দেয়ালে পেরেক মারা কিংবা রাতে বাসায় ঢোকা- সবকিছুতেই গণ্ডগোল। কিন্তু সেখানে যদি প্রভাবক হিসেবে জুড়ে যায় প্রেম, তবে? শুরু হয় নানা ঘটন অঘটন। অথবা শেষ হয় গড়মিল।
রাকিব হাসানের রচনায় মাকসুদুল হক ইমু নির্মাণ করেছেন নাটক ‘গড়মিল’। কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকের শুটিং। নাটকে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, কাজী উজ্জ্বল, অনি, আলভী, শ্যামল মাওলা এবং নিঝুম রুবিনা।
কাজী উজ্জ্বলের বাড়িতে ভাড়া থাকেন মিঠু দম্পতি। তাদের সঙ্গে থাকেন ছোট ভাই শ্যামল এবং মেয়ে অনি। ওদিকে ছোট বোন নিঝুম এবং ছেলে অলভীকে নিয়ে উজ্জ্বলের পরিবার। বাড়িওয়ালা ভাড়াটের চিরায়ত সমস্যা যখন প্রকট হয়ে ওঠে, তখনই জানা যায়- প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন শ্যামল ও নিঝুম। হয়তো এমন পরিস্থিত বর্ণনা করতেই সৃষ্টি হয়েছিল প্রবাদ- ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া’।
সমস্যার তো এখানেই শেষ নয়, চাচা এবং ফুফুর প্রেম দেখে পুলক জাগে অনি ও আলভীর মনে। নবযৌবনের রঙ লাগে তাদের মনে। কিন্তু চাচা আর ফুফুর প্রেমে দুই পরিবারের কোন্দল দেখে প্রেম প্রকাশের সাহস পায় না তারা। উল্টো চেষ্টায় থাকে, দুই পরিবারের সমস্যার সমাধান করতে। দুই জুটির একটাই চাওয়া- দুই পরিবার যেন মিলেমিশে থাকে।
ভাঙনে কোন সমাধান থাকে? সম্ভবত না। তাই অবশেষে সমাধান পাওয়া যায় গড়ায়। আর তাই, শ্যামল ও নিঝুমের মিলনেই মিল হয় দুই পরিবারের। শুটিংয়ের সেটেই হয় বাগদান। গড়মিলে নয়, মিলনেই সমাপ্তি ঘটে গল্পের।

