আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জীবনে তিনি কখনও ভুল করেননি। কারণ, ঈশ্বর চেয়েছিলেন তিনি নিখুঁত হবেন। ইতালি সফরের কয়েকদিন আগে দেশটির একটি সংবাদমাধ্যমকে দেয়অ দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
এক্সপো ২০১৫ শীর্ষক আন্তর্জাতিক মেলায় অংশ নিতে বুধবার ইতালির মিলানে পৌছেছেন পুতিন। সেখানে তিনি ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ আরোপ কী করে সরানো যায় সে ব্যাপারে আলাপ করবেন। চলতি সপ্তাহে শেষ হওয়া জার্মানীর বাভারিয়ায় জি-৭ শীর্ষ সম্মেলনে একমাত্র ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিরোধিতা করেছিলেন।
সাক্ষাৎকারে পুতিনকে প্রশ্ন করা হয়, ‘ জীবনে এমন কি কোন কাজ করেছেন, যার জন্য আপনাকে সবচেয়ে বেশি আক্ষেপে পুড়তে হয়, এমন কিছু যা আপনি ভুল হিসেবে বিবেচনা করেন এবং সে ভুলের পুনরাবৃত্তি আর কখনও ঘটাতে চান না?’
কিছুক্ষণ ভেবে পুতিন উত্তর দেন, ‘আমি আপনার কাছে অকপটেই বলছি আমি সে ধরনের কোন কিছুই স্মরণ করতে পারছি না। ঈশ্বর আমার জীবন তৈরি করেছেন এমনভাবে যে আমার আক্ষেপ করার কিছুই নেই। ঈশ্বর চেয়েছিলেন, আমি নিখুঁত হবো।’
বিরোধী দলীয় নেতা নেমৎসভ হত্যাকাণ্ডের পর রাশিয়ায় বিরোধী দলের রাজনীতি চ্যালেঞ্জের মুখে এবং বিরোধীদের সংবাদ রাশিয়ার প্রধান টিভি চ্যানেলে কেন দেখানো হয় না জানতে চাইলে পুতিন বলেন, ‘ তাদের যদি কৌতুহলদীপ্তক কোন কিছু বলার থাকতো তাহলে টিভি চ্যানেলগুলি ঘন ঘন তাদের সাক্ষাৎকার নিত।’

