অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্মী অর্থনীতিবিদ আর নিজেকে মূল্যায়নকারী অর্থনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে আগারগাঁও শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মোদি একজন ভালো কর্মী অর্থনীতিবিদ। কয়েক বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ৬ শতাংশের ঘরে থাকায় মোদি আমাদের প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই বলছেন, আমাদের জিডিপি ৬ ভাগের দুষ্টুচক্রে ঘুরপাক খাচ্ছে। এরা সবাই চিন্তাশীল অর্থনীতিবিদ। এদের অনেকেই পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করেছেন, কিছু করতে না পেরে শূন্য হাতে ফিরে গেছেন।’
নিজেকে মূল্যায়নকারী অর্থনীতিবেদ দাবি করে তিনি বলেন, ‘আমিও অর্থনীতিবিদ, তবে আমি মূল্যায়নকারী অর্থনীতিবিদ। কারণ আমি একাউন্টিংয়ের ছাত্র। চিন্তাশীল অর্থনীতিবিদ ও মোদির মধ্যে আমি পার্থক্য খুঁজে বের করে মূল্যায়ন করবো।’
এ সময় জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মুস্তফা কামাল বলেন, ‘বিগত বিএনপির আন্দোলনে চারমাস আমরা ভালো মতো কাজ করতে পারিনি। সে সময় কিছু বলিনি। এখন বুঝতে পারছি, তাদের চারমাসের আন্দোলনে অর্থনীতিতে অনেক ক্ষতি হয়েছে। তা না হলে আমরা ৭ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতাম।’

