আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সুকি বুধবার চীনে সফর করবেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। চীনে এটিই সুকির প্রথম সফর। তবে সুকি এমন এক সময় চীন সফর করতে যাচ্ছেন যখন দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে।
সুকি সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তবে এর বাইরে তেমন কিছুই জানা যায়নি।
চলতি বছরে দু’দেশের সীমান্তের কাছে সহিংস কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। অনেক দিন ধরেই মায়ানমারের পশ্চিম কোকাং এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিছু বিদ্রোহী গোষ্ঠী। ওই অঞ্চলটি চীনের ইউন্নান প্রদেশের সীমান্ত এলাকা। মার্চে মায়ানমার কর্তৃপক্ষ বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান থেকে ইউন্নান এলাকার আখখেতে বোমা বিস্ফোরণ করে। এতে পাঁচ জন নিহত হন। ওই ঘটনার পর চীন তাদের সীমান্তে পাহারার ব্যবস্থা করেছিলো।
তবে সুকির চীন সফর সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমগুলোকে তেমন কিছুই জানানো হয়নি।

