আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল একে পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর মঙ্গলবার পদত্যাগ করেছে সে দেশের মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী দাউত ওগলুর কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান।
মঙ্গলবার একে পার্টির প্রধান এবং সে দেশের প্রধানমন্ত্রী আহমেদ দাউত ওগলু দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পরিচালনা পর্ষদ এবং মন্ত্রীদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন। পরে স্থানীয় সময় বিকাল ৫ টা ৪০ মিনিটে তিনি প্রেসিডেন্ট ভবন হোয়াইট প্যালেসে যান। সেখানে তিনি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠকের পর এরদোগানের কাছে মন্ত্রীদের পদত্যাগপত্র পেশ করেন।
বৈঠক শেষে প্রেসিডেন্ট ভবন থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এসময় দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য মন্ত্রিপরিষদকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোগান। তিনি নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত তাদের দায়িত্ব পালন করারও অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত রোববার তুরস্কের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দীর্ঘ তের বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন একে পার্টি। এখন তারা নতুন সরকার গঠনে কারো সঙ্গে কোয়ালিশনে যাবে কীনা কিংবা গেলেও কার সাথে যাবে অথবা নতুন করে নির্বাচনে যাবে কিনা এগুলো নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তুরস্কের রাজনীতিতে।

